প্রথম ইনিংসে লিড নিয়েও শঙ্কায় বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সকালের শিশিরের হাসি বিকালেই মলিন হলো টাইগারদের। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শিশির ভেজা সকালে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশ। কিন্তু দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে ৪ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় টাইগাররা।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৩৯ রান। এই টেস্টে পরাজয় এড়াতে হলে সোমবার চতুর্থ দিনে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজদের।

বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিনের প্রথম ওভারের শেষ দুই বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক ও আজহার আলী। শফিক ২ চার ও ২ ছক্কায় ৫২ রান করলেও গোল্ডেন ডাক পান পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী।

এরপর ওপেনার আবিদ আলী উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর করেন ১০ রান। ফাওয়াদ আলম, রিজওয়ানরা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

ইনিংস ওপেন করতে নেমে দলীয় ২১৭ রানে ফেরেন আবিদ আলী। তাইজুলের বলে বিভ্রান্ত হওয়ার আগে ১২টি চার ও এক ছক্কায় ১৩৩ রান করেন এই ওপেনার।

আবিদ আলী আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে ফাহিম আশরাফ চেষ্টা করেন দলের স্কোর মোটাতাজা করতে। কিন্তু হাসান আলী, সাজিদ খান ও নুমান আলীরা তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। দলীয় ২৮৬ রানে তাইজুলের সপ্তম শিকারে পরিণত হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ফাহিম আশরাফ। তার আগে ৩ চার ও এক ছক্কায় ৩৮ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তাম ১ম ইনিংস: ২৮৬/১০ রান (আবিদ আলী ১৩৩, আব্দুল্লাহ শফিক ৫২, ফাহিম আশরাফ ৩৮, হাসান আলী ১২, বাবর আজম ১০; তাইজুল ইসলাম ৭/১১৬, এবাদত হোসেন ২/৪৭)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০/১০ (লিটন ১১৪, মুশফিক ৯১, মেহিদ হাসান মিরাজ ৩৮; হাসান আলী ৫/৫১, ফাহিম আশরাফ ২/৫৪, শাহিন শাহ আফ্রিদি ২/৭০)।

এবং ২য় ইনিংস: ৩৯/৪ রান (সাইফ হাসান ১৮, মুশফিকু রহিম ১২*, ইয়াসির আলী ৮*)।

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড মাত্র ৮৩ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »