ম্যাচ জমিয়ে তোলায় টাইগারদের প্রশংসায় সাকলাইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তেমন প্রতিযোগিতা গড়তে পারেনি বাংলাদেশ। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশের হার ৫ উইকেটে। গতকাল শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান।

মাহমুদউল্লাহ রিয়াদ শেষ ওভারে নিজের হাতেই বল তুলে নিয়েছিলেন। ম্যাচও জমিয়ে তুলেছিলেন। একে একে ফিরিয়েছেন সরফরাজ আহমেদ, হায়দার আলী ও ইফতিখার আহমেদকে।
যদিও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেননি। যদিও বাংলাদেশ যেভাবে ম্যাচ জমিয়ে তুলেছিল তার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুশতাক।

তিনি ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ককে বিশেষ করে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন,”ম্যাচ এমন জমে যাওয়ার কৃতিত্ব বাংলাদেশের। বিশেষ করে মাহমুদউল্লাহ যেভাবে শেষ ওভারে বোলিং করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”

এই ম্যাচে ৩৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন হায়দার আলী। পুরষ্কার হাতে নিয়ে তিনি জানিয়েছেন, ভাগ্যের সহায়তা থাকায় এই ম্যাচে জয় পেয়েছেন তারা। পিচ বরাবরের মতোই কঠিন ছিল তাদের লক্ষ্য ছিল নির্দিষ্ঠ বোলারকে পরিস্থিতি অনুযায়ী টার্গেট করা।

হায়দার বলেন,”পিচ বেশ কঠিন ছিল। রিজি ভাই (মোহাম্মদ রিজওয়ান) আমাকে অনেক সাহায্য করেছে এবং আমাকে শেষ পর্যন্ত খেলার পরামর্শ দিয়েছিলেন। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তবে সৌভাগ্যবসত আমরা জিততে পেরেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »