নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লীগ থেকে বয়ে নিয়ে আসা চোট এখনো ভোগাচ্ছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আঙুলের চোট সেরে না উঠায়, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ মিস করছেন তিনি, সেটা আগেই জানা গিয়েছিল। এবার শঙ্কা দেখা দিয়েছে আগামী বছর জানুয়ারীতে নিউজিল্যান্ড সিরিজ নিয়েও।
আঙুলের চোটের জন্য উন্নত চিকিৎসা নিতে সম্প্রতি ইংল্যান্ড গিয়েছেন তামিম। ইংল্যান্ডের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস পুরোপুরি বিশ্রামে কাটাতে হবে তামিমকে। একমাস বিশ্রাম নেওয়ার পর বুঝা যাবে তামিমের চোটের অবস্থা এবং তামিম কবে নাগাদ ফিরতে পারেন ব্যাট হাতে।
অভিশপ্ত চোটের কারনে তামিম ইতিমধ্যে মিস করেছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। এবার শঙ্কা দেখা দিলো নিউজিল্যান্ড সফরেরও।
উল্লেখ্য, এর আগে চলতি জাতীয় লিগ দিয়ে বাইশ গজে ফিরে, সেখান থেকে প্রস্তুতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলার কথা ছিল তামিমের। কিন্তু শেষ অব্দি চোটের কাছে হেরে বেশ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে।
