হাফিজ-মালিকের পক্ষে যা বললেন ইনজামাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মোহাম্মদ হাফিজের বয়স এখন ৪১ বছর, আর শোয়েব মালিকের বয়স ৪০ ছুঁইছুঁই। এই বুড়ো বয়সেও দুর্দান্ত খেলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই দুই অধিনায়ক।

অবশ্য তাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে; কিন্তু দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করে এখনো পাকিস্তানকে জয় উপহার দিতে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন তারা।

পাকিস্তানের বর্তমান দলের এই বুড়ো দুই তারকার পক্ষ নিয়ে কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হক বলেন, এমন কোনো নিয়ম নেই যে কোনো খেলোয়াড়ের বয়স ৪০ বছর হয়ে গেলে সে আর দলে থাকতে পারবে না। মাপকাঠি হওয়া উচিত পারফরম্যান্স। ২৫ বছর বয়সী কোনো খেলোয়াড় যদি পারফর্ম করতে না পারে, তারও তো দল থেকে বাদ পড়া উচিত।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম বলেন, আপনার যদি কোনো খেলোয়াড়কে বাদ দিতে হয়, তাহলে তার বিকল্প খুঁজে বের করতে হবে। কাউকে দল থেকে বাদ দেওয়াটা সহজ কাজ; কিন্তু কঠিন ব্যাপার হচ্ছে মালিক বা হাফিজের মতো একজন খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ২০ হাজার ৫৮০ রান করা ইনজামাম আরও বলেন, ওদের বিকল্প যদি আপনার হাতে থাকে তাহলে মালিক আর হাফিজকে বাদ দিতে পারেন। আর ওরা যদি ভালো খেলতে থাকে এবং টিম ম্যানেজমেন্ট মনে করে দলের জন্য ওরা গুরুত্বপূর্ণ, তাহলে ওদের দলে রাখার সুবিধাটা নেওয়া উচিত। ওদের অভিজ্ঞতা অনেক এবং ওরা দুজনেই দলের অন্য খেলোয়াড়কে দিকনির্দেশনা দিতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »