নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যেই পাকিস্তানের কাছে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ ক্রিকেট দল এখন হোয়াইটওয়াশের মুখে। নিজ মাঠে হোয়ইটওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেতে চায় টাইগাররা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুপুর ২টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য দিকে সর্বশেষ বাংলাদেশ সফরে সিরিজ হারের প্রতিশোধ হোয়াইটওয়াশ দিয়ে নিতে চায় সফরকারী পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচটি ৪ উইকেটে পরাজিত হলেও প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লড়াই করতে পারেনি টাইগাররা। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ফখর জামানের ৫১ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে সহজ জয় পায় পাকিস্তান।
জয়ের ধারায় ফিরতে ব্যর্থ হলে এই ফরম্যাটে ঘরের মাঠে একাধিক ম্যাচ সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ।
