নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না বাবর আজম।
সাকিব-মুশফিক না থাকায় দলে সুযোগ পেয়েছেন আকবর আলী, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির রাব্বি। অন্যদিকে হাফিজ বাদে বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান। অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিবেচনায় পাকিস্তানের চেয়ে পিছিয়ে টাইগাররা। বাংলাদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও হালকাভাবে নিতে নারাজ পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তিনি বলেন,”এটা তাঁদের হোম সিরিজ। কাজেই তাঁদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাঁদের হয়তো মূল খেলোয়াড়রা নেই তবে যারাই আছে তারা ঘরোয়া ক্রিকেট, বিপিএলে নিয়মিত পারফর্মার। তাই তাঁদের হালকাভাবে নেওয়ার কোন সুযোগ দেখছি না।”
আইসিসির ইভেন্টে একাদশে পরিবর্তন আনার সুযোগ না থাকলেও বাংলাদেশ সিরিজে দলের বেঞ্চ ক্রিকেটারদের পরখ করে দেখতে চান বাবর আজম। মূল খেলোয়াড়দের বাদ না দিলেও বাকিদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে জানালেন তিনি।
বাবর বলেন,”দেখুন, যেভাবে আমাদের ওয়ার্ল্ড কাপের যে মোমেন্টাম ছিল, ঐটা ধরে রাখার চেষ্টা করব। চেষ্টা করছি ভিন্ন এক সমন্বয় তৈরি করতে এবং আমাদের বেঞ্চ ক্রিকেটারদেরও পরখ করে দেখতে চাচ্ছি। আমার মনে হয় এরপরই আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে এবং সর্বমোট ছয়টি ম্যাচ রয়েছে। খেলোয়াড়দের পরখ করে নেওয়ার বড় সুযোগ এটি। আমার মতে যে মোমেন্টাম পেয়েছি… মূল খেলোয়াড়দের তো বাদ দিতে পারবেন না। কারণ সামনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে।”
