নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছে দলটি। সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ। কিন্তু ফাইনালটা নিজেদের হলো না নিউজিল্যান্ডের। হারতে হলো অস্ট্রেলিয়ার কাছে। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বললেন, নিজেদের কাজটি তারা ঠিকমতো করতে পারেননি, এটা লজ্জার।
রোববার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। কিউইদের করার ১৭২ রানের জবাবে সাত বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে কেন উইলিয়ামসন বলেন, ‘আজ হয়নি, কিন্তু আমরা যেভাবে খেলেছি টুর্নামেন্টে, তার জন্য গর্বিত। ছেলেরা দায়বদ্ধ ছিল আমরা যা কিছু করতে চেয়েছি তার প্রতি। এখানে অনেকের হৃদয় ভেঙেছে। তবে জয়ী দলে থাকা সবসময় সুন্দর। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে চাই। তবে নিজেদের কাজটা ঠিকমতো করতে পারিনি আমরা, এটা লজ্জার।’
লক্ষ্যটা আরো বেশি দিতে পারলে ভালো হতো। তবে যা ছিল তাও চ্যালেঞ্জের। কেন বলেন, ‘আমরা ভালো একটা জায়গায় যেতে চেয়েছি, উইকেট ভাঙা ছিল। কিছু ভালো জুটি হয়েছে। যে লক্ষ্য দিয়েছিলাম, আমাদের মনে হয়েছে লড়াই করার মতো। এটা দারুণভাবে তাড়া করতে হতো। অস্ট্রেলিয়া দুর্দান্ত দল, তারা এটা করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘ভালো সংগ্রহ গড়েছেন কি না, এটা কখনোই বুঝতে পারবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে অনেক দূর যেতে পারিনি। অস্ট্রেলিয়ার কৃতিত্ব আছে। তারা দাপটের সাথে রান তাড়া করেছে, আমাদের কোনো সুযোগ দেয়নি।’
