জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় নারী দলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলার নারীরা। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিলো টাইগ্রেসরা।

শনিবার (১৩ নভেম্বর) বুলাওয়েতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলার নারীদের বোলিং তোপে ৪৬.৪ ওভারে মাত্র ১২১ রান করেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে মুর্শিদা খাতুন ও ফারজানা হকের অপরাজিত অর্ধশত রানের ওপর ভর করে মাত্র ২৪.৩ ওভারে এক উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ফারজানা হক করেছেন ৫৩ ও মুর্শিদা খাতুন করেন ৫১ রান। অপর ব্যাটার শারমিনা আক্তার ৮ রান করে আউট হয়ে যান। এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়া ২টি করে উইকেট নেন জাহানারা আলম ও সালমা খাতুন এবং রিতু মনি ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »