নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এতদিনের সব আলোচনা-সমালোচনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল থেকে বাদ পড়লেন ফিল্ডিং কোচ রায়ান কুক। ফিল্ডিংয়ে সাম্প্রতিক ব্যর্থতার পর তার সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান।
তিনি জানান, পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচের ভূমিকায় থাকবেন স্থানীয় যে কোনো কোচ। আর ফিল্ডিংয়ের উন্নতি করতে আরও ভালো মানের কোচ নিয়োগ করা হবে মাসখানেকের মধ্যেই। মূলত বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে।
আকরাম জানালেন, পাকিস্তান সিরিজ থেকেই আর থাকছেন না কুক। তিনি বলেন,’‘আপাতত ফিল্ডিং কোচকে পাচ্ছি না। ওর জায়গায় স্থানীয় একজন কাজ করবে। এটা নিয়ে ১৬ তারিখের দিকে চূড়ান্তভাবে জানাব।’’
তবে এটুকু আভাস দিলেন- বাংলাদেশ দলের সাথে কুকের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তার ভাষায়,”ফিল্ডিং কোচের মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন হবে না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।’’
স্থানীয় কোন কোচ পাবেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব তা অবশ্য খোলাসা করেননি আকরাম। তিনি বলেন,’‘লোকাল কয়েকজনের নাম আমাদের হাতে আছে। ওদের সাথে উঁচু মানের ফিল্ডিং কোচও দেখছি। আশা করছি মাসখানেকের মধ্যে পেয়ে যাব।”
