নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাবেক বিধ্বংসী অজি ওপেনার ম্যাথু হেইডেন ধর্মীয় দিক দিয়ে জন্মগত ভাবেই খ্রিষ্টান ধর্মালম্বী। কিন্তু এই মুহুর্তে তিনি মুসলিম ধর্মের সেরা গ্রন্থ “আল কোরআন” পড়ছেন নিয়মিত! উদ্দেশ্য একটাই, ইসলাম ধর্ম সমন্ধে গভীরভাবে জানার কৌতূহল।
সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার এই মুহুর্তে কাজ করছেন পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। হেইডেনের ধর্মভীরু ছাত্র, পাকিস্তান জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, গুরুকে উপহার হিসেবে দিয়েছেন ইংরেজি সংস্করনের একখণ্ড “আল কোরআন”। পাকিস্তানী ক্রিকেটারদের তাঁদের ধর্মের প্রতি এমন আনুগত্য দেখে হেইডেন নিয়মিত কোরআন পড়ছেন, এই ধর্ম সমন্ধে জানার কৌতূহল থেকে।
অস্ট্রেলিয়ার নামকরা গনমাধ্যম “নিউজ কর্প” কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হেইডেন কথা বলেছেন পাকিস্তানী ক্রিকেটারদের ধর্মপরায়ণতা ও মোহাম্মদ রিজওয়ান থেকে উপহার হিসেবে পাওয়া পবিত্র আল কোরআন সমন্ধে। “নিউজ কর্প” কে হেইডেন জানানঃ মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে মেঝেতে বসে আমরা প্রায় আধা ঘন্টা কোরআনের বিষয়ে কথা বলেছিলাম। এটি একটি সুন্দর মুহূর্ত ছিল যা আমি কখনই ভুলতে পারব না। আমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও পাকিস্তানি ক্রিকেটারদের ধার্মিকতা দেখে ইসলাম সম্পর্কে জানতে কৌতূহলী আমি।
- একজন খ্রিস্টকে অনুসরণ করে এবং অন্যজন মুহাম্মদকে (হযরত মুহাম্মদ সাঃ) অনুসরণ করে এবং এক অর্থে কখনোই তাদের মেলানো যাবে না। কিন্তু রিজওয়ান আমাকে কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। আমি প্রতিদিন অল্প অল্প করে পড়ছি এবং ওদের ধর্ম সমন্ধে অনেক কিছুই জানছি। রিজি (মোহাম্মদ রিজওয়ান) আমার প্রিয় ব্যক্তিদের একজন এবং খেলাধুলা চ্যাম্পিয়নের পাশাপাশি সে একজন ভাল মানুষ।
পাকিস্তানী ক্রিকেটারদের দিনে ৫ বার সালাত আদায়, ধর্মীয় রীতিনীতি গুলো যথাযথ ভাবে পালন ও নম্রতায় মুগ্ধ হয়ে “নিউজ কর্প”-কে হেইডেন আরো জানানঃ এদের ব্যবহার, নম্রতা দেখে আমি শুরু থেকেই বিস্মিত ছিলাম।
তারা সত্যিই প্রশিক্ষনযোগ্য ক্রীড়াবিদ,যেটা নিঃসন্দেহে, ধর্মীয় গভীর অনুভূতি থেকে উদ্ভূত। একজন পশ্চিমা হিসেবে, আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাবগুলি উপলব্ধি করতে পারবেন না। এমনকি তাদের সালাত আদায়- দিনে পাঁচটি পৃথক প্রার্থনার অধিবেশন। যেগুলো আমাকে সবসময় মুগ্ধ করে আসছে। তারা তাদের ধর্মের প্রতি প্রচন্ড আন্তরিক এবং যত্নশীল।
