সাকিবকে টপকে অক্টোবরের সেরা ক্রিকেটার আসিফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাকিব আল হাসান বিশ্বকাপে যতগুলো ম্যাচে মাঠে নামেন, ব্যাটে-বলে কোনো না কোনোভাবে দলের পারফরম্যান্সে নিজের অবদান রাখেন। তা সত্ত্বেও দ্বিতীয় বারের জন্য আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার উঠল না বাংলাদেশের তারকা অল-রাউন্ডারের হাতে। বরং এক ম্যাচের চমকপ্রদ পারফরম্যান্সেই অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন আসিফ আলি।

 

অপরদিকে, মেয়েদের বিভাগে অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লরা ডেলানি।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের জন্য ক্রিকেটারদের মনোনীত করে আইসিসি। কোনো ভারতীয় ক্রিকেটারের নাম ছিল না তিনজন মনোনীত খেলোয়াড়ের তালিকায়। এমনকি বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ান ধারাবাহিকভাবে রান করলেও দু’জনের কেউই এবার মনোনীত হননি।

সাকিব ও আসিফ আলি ছাড়া অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের দৌড়ে ছিলেন নামিবিয়ার ডেভিড ওয়াইজ। জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব দ্বিতীয়বার মনোনীত হয়েছিলেন এই পুরস্কারের জন্য। যদিও ওয়াইজ ও সাকিবকে টপকে খেতাব জেতেন আসিফ।

উল্লেখ্য, সাকিব আল হাসান অক্টোবরে ১৩১ রান সংগ্রহ করেন এবং ১১টি উইকেট নেন। আসিফ আলি মাত্র ৫২ রান সংগ্রহ করেন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ছক্কায় ম্যাচ জেতানো ইনিংসটিই তাকে খেতাব এনে দেয়। অন্যদিকে ডেভিড ওয়াইজ অক্টোবরে ১৬২ রান করেন ও ৭টি উইকেট সংগ্রহ করেন।

মেয়েদের বিভাগে অক্টোবরের সেরা ক্রিকেটারের জন্য ডেলানির সাথে মনোনীত হয়েছিলেন আয়ারল্যান্ডেরই গ্যাবি লুইস। দুই আইরিশ তারকার সাথে লড়াইয়ে ছিলেন জিম্বাবুয়ের ম্যারি-আন মুসোনদা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »