নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের হেড কোচ হওয়ার পর থেকে হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ রাসেল ডমিঙ্গোর। নিয়মিতই নানা আলাপচারিতা হয়। ক্ষুদে বার্তা দেখলেই উত্তর দেন কোচ। বাংলাদেশ কিংবা দক্ষিণ আফ্রিকা যেখানেই থাকেন, আলাপের শেষে ‘থ্যাংকস স্যার’ লিখেন ডমিঙ্গো। কথা বলতে না চাইলেও সরাসরি জানিয়ে দিতেন।
গতকাল এই প্রোটিয়াকে পাওয়া গেল ভিন্নভাবে। অতীতের মতো ক্ষুদে বার্তা দেখছেন, কিন্তু কোনো উত্তর নেই ডমিঙ্গোর। সব ধরনের জিজ্ঞাসাতেই চুপ তিনি, আশ্চর্য নীরবতায় আচ্ছন্ন। কবে বাংলাদেশে ফিরবেন প্রশ্নেও কোচের উত্তর দিলেন না। যদিও গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান সিরিজের জন্য ১২-১৩ নভেম্বরের মধ্যেই ঢাকায় ফিরবেন তিনি। বাকি বিদেশি কোচদেরও একই সময়ে ফেরার কথা।
টাইগারদের হেড কোচের এমন স্তব্ধতার কারণ কারোই অজানা নয়। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পুরো দায়ভার ডমিঙ্গোর উপরই বর্তাচ্ছে। প্রাথমিকভাবে সমালোচনার তোপে ছিলেন না ক্রিকেটাররা। ২২ গজে তাদের ব্যর্থতার কারণেই এমন নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রমেই আলোচনার মোড় ঘুরে যায়। সমালোচনার তীর তাক করা হয় ডমিঙ্গোর দিকে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে গণমাধ্যমও তাকে তাড়ানোর পরামর্শই দিয়ে আসছে। ব্যর্থতার রূপকার যেন এই কোচ!
ডমিঙ্গো চুপ থাকলেও তাকে সরানোর আয়োজন ঠিকই চলছে বিসিবিতে। দফায় দফায় মিটিং শেষে চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে অনেক সিদ্ধান্ত। যার মধ্যে কিছু কিছু এখনই দৃশ্যমান রয়েছে। মোটা অংকের বেতনে হেড কোচ থাকলেও খালেদ মাহমুদ সুজনকে পাকিস্তান সিরিজে টিম ডিরেক্টর করা হচ্ছে। ইতোমধ্যে কাজে নেমে পড়েছেন বিসিবির এ পরিচালক। বাংলাদেশ দলের বিপাকে পড়টা সুজনের জন্য শাপেবর বটে। তখনই ডাক পড়ে তার। এবং দেশের কোচের ভূমিকায় আসার স্বপ্নও পূরণ হয় সুজনের।
বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোচ থাকলেও পাকিস্তান সিরিজে সহকারী কোচ হিসেবে নেয়া হবে সালাউদ্দিনকে। আসন্ন সিরিজে টাইগারদের ড্রেসিংরুম যে অধিক সন্ন্যাসীর আসর হয়ে যাচ্ছে তাতে সন্দেহ নেই।
বিসিবির এসব পদক্ষেপ অজানা নয় ডমিঙ্গোর। সমালোচনার ঝড়, বিসিবির তোড়জোড় দেখেই হয়তো নিজে থেকে গুটিয়ে গেছেন এই প্রোটিয়া কোচ।
