নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০০৯ সালের পর থেকে দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে পিসিবি চেষ্টা করে যাচ্ছে দেশটিতে ক্রিকেট ফিরিয়ে আনার। সেই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেখানে সফর করে এসেছে। কিন্তু গত সেপ্টেম্বরে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েও নিরাপত্তা শঙ্কায় সেটি বাতিল করে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডও পাকিস্তানে যাবে না বলে জানিয়ে দেয়। যার ফলে নতুন করে দেশটির ক্রিকেটের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। তবে আশার কথা হচ্ছে সেই শঙ্কা দ্রুতই সরে যাচ্ছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। আগামী ১১ নভেম্বর ফাইনালে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তার আগেই সুসংবাদ পেলো পিসিবি। পাকিস্তানে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে এই সিরিজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৪ বছর পর দক্ষিণ এশিয়ার দেশটিতে যাচ্ছে অজিরা। শেষবার ১৯৯৮ সালে পাকিস্তানে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ঘোষিত সূচি অনুযায়ী, তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে তাদের লড়াই। পরের দুটি টেস্ট ১২ ও ২১ মার্চ রাওয়ালপিন্ডি ও লাহোরে। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে ২৯, ৩১ মার্চ এবং ২ এপ্রিল লাহোরে। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও একই ভৈন্যুতে অনুষ্ঠিত হবে।
