বাজে উইকেটে আমরা বড় শট খেলার সাহসই করি নাঃ ইয়াসির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের ক্রিকেটীয় আলোচনায় বড় স্থান দখল করেছে মিরপুরের উইকেট! মূলত সেখানকার স্লো উইকেটে ভেলকি দেখান স্পিনাররা, আর এই ফাঁদে পা রাখে ব্যাটাররা। তাই এই উইকেটে ছক্কা মারার সাহসই থাকে না ব্যাটারদের, এমনটা মনে করছেন ইয়াসির আলী রাব্বি।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছাড়াও মিরপুর সবুজ গালিচায় আয়োজিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেই বিপিএলেও দেশি ব্যাটারদের কাছ থেকে মারকাটারি ইনিংস দেখা যায় খুব কমই।

এর কারণ খুঁজে পেয়েছেন ইয়াসির। ডানহাতি এই ব্যাটার মনে করেন পর্যাপ্ত সাহসের অভাবেই ঘরের মাটিতে ছক্কা হাঁকানোর শট খেলেন না দেশের ব্যাটাররা।

সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে ইয়াসির বলেন,”আমি শুধু মিরপুরের উইকেট বলবোনা, উইকেট অবশ্যই দায়ী। উইকেটের সাথে সাথে আমাদের মানসিক যে ব্যাপারটা, উইকেট বাজে হলে আমরা বড় শট মারার মানসিকতায় থাকি না, সাহসটা আমাদের আসে না। আমি বলব কিছুটা দায় আছেই। যদিও এনসিএলে স্পোর্টিং উইকেট ছিল।”

তিনি আরও বলেন,”সাহসটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাহস না থাকলে আপনি কখনো ছয় মারতে পারবেন না। আমার কাছে মনে হয় এ জিনিসটা একটা ব্যাটসম্যানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাহস থাকতে হবে ছয় মারার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »