নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে এখনো অভিষেক না হলেও বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ তিনি, নিয়মিতই দেখা যায় সাদা জার্সি গায়ে অসাধারণ সব ফিল্ডিং করতে । গত দুই বছর ধরে টেস্ট দলের সাথে নিয়মিত থাকলেও টেস্ট ক্যাপ মাথায় তোলা হয়নি এখনো।
টেস্ট দলে বদলি ফিল্ডারের ভূমিকায় থাকতে থাকতে কোনো ম্যাচ না খেলেই ইয়াসির হয়ে গেছেন জাতীয় দলের ‘নিয়মিত’ সদস্য। এবার তিনি আছেন টি-টোয়েন্টি দলের বিবেচনায়। আগের মত আবারও আশাহত হতে হবে কি না, সেই প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে ইয়াসির নিজেকে প্রস্তুত রাখছেন- সুযোগ এলেই যেন নিজেকে প্রমাণ করতে পারেন।
রাব্বির মতে জাতীয় দলের সাথে নিয়মিত থাকার সুযোগই বা কয়জনের হয়? লাখ তরুণের স্বপ্ন তো জাতীয় দলে ডাক পাওয়া, দলের ক্যাম্প থাকা, যেটা নিয়মিতই গত দুইবছর ধরে করে চলছেন রাব্বি।
ইয়াসির রাব্বি বলেন, ‘একজন বড় ভাইয়ের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম। উনি আমাকে বলেছেন, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় বাংলাদেশের অনেকেই নাই। তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে তোমার জন্য জিনিসটা ভালো। যদি নেতিবাচক চিন্তা করো, আমাকে খেলাচ্ছে না, নিচ্ছে না; তাহলে নিজেই পিছিয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘ঐ কথাটা খুব ভালো লেগেছে। যখনই মানসিকভাবে ডাউন থাকি, তখন ভাবি আমি যে জায়গায় আছি ঐ জায়গায় থাকা অনেকের স্বপ্ন। আমি দরজায় আছি, হয়ত আরেকটু কষ্ট করলে দলে ঢুকতে পারি। কষ্ট করা ছেড়ে দিলে ছিটকে যাব।’
ইয়াসির জানালেন, সুযোগ পেলে এবারও নিজের সেরাটা ঢেলে দেওয়ার প্রত্যয় তার। তার ভাষায়, ‘এ কথা অনেক পুরনো। যতবারই আপনাদের সাথে কথা হয় সবসময়ই বলে আসছি- অবশ্যই নিজের সেরাটা দিয়ে দেশের জন্য ভালো কিছু করা। লক্ষ্যটা সবসময় একই থাকে, এখনও একই থাকবে।’
