নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেতা বাবর আজমের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়াই মোহাম্মদ রিজওয়ানের কাজ। এর আগে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির একটি রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। এবার ‘টি-টোয়েন্টি বস’ ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন এই পাক উইকেটকিপার-ব্যাটার।
রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ রান করে গেইলের রেকর্ড নিজের করে নেন রিজওয়ান।
এক বর্ষপঞ্জিকায় টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। এতদিন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৫ সালে বিধ্বংসী সব ইনিংস খেলে ১৬৬৫ রান সংগ্রহ করেন এই ক্যারিবীয় দানব, যা গত ছয় বছর ধরে অক্ষুণ্ন ছিল। এবার সেই ছয় বছরের রেকর্ড নিজের দখলে নিলেন এই পাক ওপেনার।
গতকাল শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্র্যাড হুইলকে ফ্লিক করে সিঙ্গেলস নিলে রিজওয়ানের এক পঞ্জিকাবর্ষে সংগ্রহ দাঁড়ায় ১৬৭৬।
২০১৫ সালে গেইল রেকর্ডটি করেছিলেন ছয়টি ভিন্ন দলের হয়ে। আর ২০২১ সালে এখন পর্যন্ত পাকিস্তান, মুলতান সুলতানস, খাইবার পাখতুনখাওয়া— এই তিনটি দলের হয়ে রেকর্ডটি ভাঙলেন রিজওয়ান।
এর আগে নামিবিয়ার বিপক্ষে গত ২ নভেম্বর আবুধাবিতে ৭৯ রান করে কোহলির এক পঞ্জিকাবর্ষের রানকে টপকে গিয়েছিলেন রিজওয়ান। ২০১৬ সালে ভারত ও রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে কোহলির মোট রান ছিল ১৬১৪ রান।
