নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে সবাই হতাশ। নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড বিসিবি। দেশের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সেটিরই ঝলক দেখা গেলো মিরপুর স্টেডিয়ামে।
ইতিমধ্যে কাজে নেমে পড়েছেন আসন্ন পাকিস্তান সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। রবিবার (৭ নভেম্বর) বিশ্বকাপ স্কোয়াডের বাইরে সাত ক্রিকেটারকে নিয়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন পরিচালনা করেছেন তিনি।
অনুশীলনের পর সুজন বলেছেন, কিছু পরিবর্তন আসবে। তবে এখনই বড় পরিবর্তন দেখা যাবে না। তিনি সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।
বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পুরো দেশই হতাশ। সুজন বলছেন, তড়িঘড়ি করে কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, ‘আসলে তাড়াহুড়ো করলে কিছু হবে না। এখন যেহেতু একটা ধাক্কা তো আসছে আমাদের, যেহেতু আমরা ভালো করি নাই। আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে। কিন্তু আপনি যদি এখন খুব দ্রুত পরিবর্তন আনেন, পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসতে পারে। কিন্তু এই সিরিজটা যেহেতু এত কাছে খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, তবে পরিবর্তন হবে।’
তবে জাতীয় দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও আছে বিসিবি পরিচালক সুজনের কথায়। সাবেক এ অধিনায়ক বলেন, ‘বহু পরিবর্তন হবে। বড় একটা পরিবর্তন আসতেও পারে। সেটি কোন ফরম্যাটে আসবে বা হবে, সেটি তো বলতে পারবো না।’
দেশের উইকেটে পরিবর্তনের কথাও ভাবছে বিসিবি। বিশেষ করে ওয়ানডে, টি-টোয়েন্টিতে ব্যাটিং উইকেটে খেলার চিন্তা হচ্ছে। সুজন বলেছেন, ‘উইকেটটা আমাদের পরিবর্তনের চিন্তাটা থাকবে। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আমরা ফ্ল্যাট উইকেটে খেলতে চাই।’
টি-টোয়েন্টি ফরম্যাটে আগ্রাসী মানসিকতাই চান সুজন। তিনি বলেন, ‘মানসিক ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অভিনয় করাটাও গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা, ইংল্যান্ডের খেলা দেখেন, তারা কিন্তু পজিটিভ। উইকেট যাচ্ছে কিন্তু তারা পজিটিভ। ১০-২০টা বল ডট করে আপনি ম্যাচে ফিরবেন এই সুযোগ নাই।’
