সমালোচনা মেনে নিতে হবে, কিছু করার নেইঃ তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

খারাপ খেললে সমালোচনা হবে-ম এটাই তো দেশের ক্রিকেটের নিয়ম। তাই মাঠের ক্রিকেটে যখন ক্রিকেটাররা ভালো করতে না পারে তখন সমালোচনায় পিছপা হন না সমর্থকরা। অথচ ইদানীং সমালোচনায় আপত্তি ক্রিকেটারদের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সুপার টুয়েলভে উঠলেও মূল পর্বে চার ম্যাচ খেলে পায়নি কোনো জয়। সমালোচনা হচ্ছে স্বভাবতই, কিন্তু খেলোয়াড়রা সমালোচনা গ্রহণ করতে পারছেন না তা-ও স্পষ্ট।

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা সমালোচনার কারণে অভিমান প্রকাশ করেন। নুরুল হাসান সোহান বলেছিলেন- সমালোচনা হওয়া উচিৎ গঠনমূলক। অবশেষে তাসকিন আহমেদ মেনে নিলেন, এমন পারফরম্যান্সে এমন সমালোচনা হবেই, কিছু করার নেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাসকিন বলেন,”কোনো হারই তো মজার না, বড় হোক আর ছোট হোক। হার তো হারই। হার কার ভালো লাগে বলেন?’’

বাংলাদেশ দল প্রত্যাশা পূরণের মত খেলতে পারেনি স্বীকার করে তাসকিন বলেন,’‘আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। স্বপ্ন ও আশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য এত কথা, অনেক সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই।’’

তাসকিনও মানছেন, দল ভালো করতে না পারলে সংবাদ সম্মেলনসহ মাঠ ও মাঠের বাইরের সবকিছুই দুরূহ হয়ে ওঠে। তার ভাষায়,’‘দলের ফলাফল ভালো না হলে সবকিছুই অনেক কঠিন। খুবই স্বাভাবিক, ভালো না খেললে অনেক কথা হয়। সব মিলিয়ে খেলোয়াড়রা চাপে থাকে। কিন্তু সার্বিকভাবে তো ভালো হয়নি… সবাই দেখেছে। আশা করছি ভবিষ্যতে ভালো হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »