বড় টুর্নামেন্টের আগে ভালো উইকেটে খেলতে চায় টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে দুটি সিরিজ জয়। এর আগে জিম্বাবুয়ের মাটিতে একটি। সব মিলিয়ে তিন সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। সেমির স্বপ্ন যেখানে ছিল জোড়ালো, বাস্তবে তা অনেকটা ম্লান। এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, একটি জয় পেলেই যেন স্বস্তি আসে টাইগার শিবিরে।

কিন্তু সেটাও কি আসবে? কারণ শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ের প্রেরণা থাকলেও বিশ্বকাপের অস্ট্রেলিয়া ভিন্ন। বাংলাদেশের অবস্থাও তথৈবচ।
তারপরও শেষটা রাঙিয়ে আসতে চায় বাঙলাদেশ। আর বড় টুর্নামেন্টের আগে ভালো উইকেটে খেলার আশাবাদ মাহমুদউল্লাহ শিবিরে। মঙ্গলবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ার পর এমনটিই জানান সংবাদ সম্মেলনে আসা পেসার তাসকিন আহমেদ।

তিনি বলেন, ‘কোনো হারই তো মজার না, বড় হোক আর ছোট হোক। হার তো হারই। হারতে কার ভালো লাগে বলেন? আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। স্বপ্ন ও আশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য এত কথা, অনেক সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই।’

‘সামনে একটা ম্যাচ আছে, সেটা যদি ভালোভাবে শেষ করতে পারি, এটাই প্রত্যাশা এখন। দোয়া করবেন সবাই যেন, শেষ ম্যাচটা ভালো করে অন্তত একটা জয় উপহার দিতে পারি দেশকে।’
টুর্নামেন্টে ভরাডুবির পর বারবার এসেছে সেই উইকেটের প্রসঙ্গ। তাসকিন জানালেন, বড় টুর্নামেন্টের আগে ভালো উইকেটে খেলতে চান, তাতে সিরিজের ফল যাই হোক না কেন।
তিনি বলেন, ‘এখানকার উইকেট অনেক স্পোর্টিং। মিরপুরের চেয়ে অনেক ভিন্ন। ভবিষ্যতে বাংলাদেশে আরও ভালো উইকেটে খেলা হলে আমাদের বোলিং-ব্যাটিং দুটাই আরও উন্নত হবে। যত ভালো উইকেটে খেলা হবে, বোলারদের তত চ্যালেঞ্জ বাড়বে। এতে আমাদের সবারই আরও উন্নতি হবে। ভবিষ্যতে ভালো উইকেটে খেললে ফলাফল যাই হোক, বড় ইভেন্টগুলোতে সুবিধা হবে বলে আশা করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »