সাকিবের লিডারশিপ মিস করবে বাংলাদেশঃ ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসানের ।তার না থাকাটা দলের বড় ক্ষতি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

গ্রুপ পর্বে সবকটি ম্যাচেই ব্যাটে-বলে জ্বলে উঠে দলকে সুপার ‘১২’-এ উঠাতে ব্যাপক অবদান রেখেছেন সাকিব আল হাসান। তবে মূল পর্বে জ্বলে উঠতে না পারলেও বাংলাদেশ দলে তার অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। সাকিব থাকলেই ভারসাম্য ঠিক রেখে দল সাজানো সহজ হয় কোচ ও অধিনায়কের জন্য। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামেস্ট্রিং এর চোট পান সাকিব আল হাসান।

ইঞ্জুরির পরে ব্যথা নিয়েই বল করেছেন সাকিব, সবাইকে অবাক করে দিয়ে ব্যাট করতে নেমেছিলেন ওপেনিংয়েও। ম্যাচের পরে জানা যায় সাকিবের ইঞ্জুরি গুরুতর, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের পর জানা যায় বিশ্বকাপে আর খেলা হবে না এই অলরাউন্ডারের।

তার না থাকাটা যে দলের জন্য বড় ক্ষতি তা টের পেয়েছেন ডমিঙ্গো। তবে তার ব্যাটিং ও বোলিংয়ের চেয়ে চাপের মুহূর্তে যে সাকিবকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় সেই সাকিবকে মিস করবে বাংলাদেশ বলে বলছেন ডমিঙ্গো।

বাংলাদেশ কোচ বলেন, “সাকিব না থাকাটা অবশ্যই দলের জন্য বড় ক্ষতি। বিশেষ করে সে দলে ভারসাম্য এনে দেয়। সে না থাকলে কখনো একজন অতিরিক্ত ব্যাটার কিংবা অতিরিক্ত বোলার অথবা পার্ট-টাইমার বোলার দিয়ে দল সাজাতে হয়। তবে চাপের মুহূর্তে দলের মধ্যে যে লিডারশিপ এবং পরিবেশ তৈরি করে, তা মিস করবে বাংলাদেশ। সে না থাকায় তরুণ কাউকে সুযোগ করে দিতে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »