সাকিবকে হারানো বড় ক্ষতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। দলের ভারসাম্যেও বড় প্রভাব ফেলছে তার অনপুস্থিতি। মঙ্গলবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকেই একাদশ নিয়ে নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

তার আগে সোমবার (১ নভেম্বর) হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ক্রিকেটার সাকিব ও মাঠে তার নেতৃত্ব, কঠিন-চাপের মুহূর্তে তার শান্ত থাকাটা মিস করবে বাংলাদেশ দল। আইসিসি একাডেমিতে অনুশীলনে নামার আগে সাকিবের বিষয়ে বাংলাদেশের কোচ বলেছেন, ‘দলের ভারসাম্যের দিক থেকে সাকিবকে হারানো স্পষ্টতই বড় ক্ষতি। দল তার নেতৃত্ব এবং চাপের মুহূর্তে স্থিরতা মিস করবে। যখন সে খেলে না, তখন একজন বাড়তি ব্যাটার বা বোলার খেলাতে হয়। আপনাকে হয়তো একটা পার্ট টাইম বোলার খেলাতে হবে। এটা হয়তো কাল কাউকে প্রথমবার বিশ্বকাপে খেলতে নামার সুযোগ করে দেবে।’

সাকিব এবার বিশ্বকাপে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের রেকর্ড নিজের করে নিয়েছেন। ব্যাটিংয়ে করেছেন ১৩১ রান। জানা গেছে, সোমবার দুবাইয়ের টিম হোটেল ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে চড়তে পারেন সাকিব। ডমিঙ্গো বলেছেন, ‘সোহান কাল ফিট হতে পারবে না। শামীম ও সৌম্য ব্যাকআপ ব্যাটার। তাদের কেউ একাদশে থাকবে।’

দল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবুধাবি গিয়ে কন্ডিশন বুঝেই একাদশ চূড়ান্ত হবে। স্পিনার হিসেবে নাসুমের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। একজন পেসার কমিয়ে সৌম্যকে ফেরানো হতে পারে একাদশে। সৌম্যর বোলিংটাও কাজে লাগানো যাবে। এই ভাবনা বাদ দিলে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেতেও পারেন শামীম হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »