অবসরের প্রশ্নে মালিকের মুখে তালা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। কিন্তু বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথাই বলেননি।

৩৯ বছর বয়সী শোয়েব ১৯৯৯ সাল থেকে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলছেন। প্রায় ২২ বছরের ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার বিষয়ে চুপ থাকলেও তিনি জানিয়েছেন, খুব শিগরিরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এর আগে বিশ্বকাপ জিতে খেলা থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মালিক।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপ চলাকালীন সময় আমি অবসর নিয়ে ভাবছি না। আমার মনোযোগের পুরোটাই এখন বিশ্বকাপের ম্যাচগুলোতে।

মালিক আরও বলেন, ‘দলের আত্নবিশ্বাস এখন তুঙ্গে। তবে নামিবিয়াসহ কোনো দলের সঙ্গের ম্যাচকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েই মাঠে নামবো।’

এসময় অধিনায়ক বাবর আজমকে স্বাগত জানিয়ে মালিক বলেন, ‘বাবরের অধিনায়কত্বে উন্নতি হচ্ছে। তার সবচেয়ে ভালো দিক হলো মাঠে ব্যাটিং করার সময় অধিনায়কত্বের চাপ নেয় না। সময়ের সঙ্গে মানুষ অনেক কিছুই শেখে। আমি মনে করি, বাবরও সময়ের সঙ্গে সঙ্গে ভালো সিদ্ধান্ত নিচ্ছে।’

এছাড়া পেসার হাসান আলির সমর্থনে মালিক বলেন, ‘কোনো খেলোয়াড় যদি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ ভালো না খেলে এতে দোষের কিছুই নেই। কয়েকটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা যায় না। হাসান একজন ফাইটার। ভালো পারফরম্যানসের মধ্য দিয়ে সে কামব্যাক করবে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »