নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শতক আসলো ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ এ শতকটি হাঁকান তিনি। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক।
৩৫ রানের মধ্যেই জেসন রয়, ডেভিড মালান ও জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। তারপর বাটলারের সাথে জুটি বেঁধে দলের হাল ধরেন মরগান। অধিনায়ক মরগান রানে ফেরার দিনে করেন ৩৬ বলে ৪০ রান। ৪৫ বলে প্রথম অর্ধশতক পূরণ করেন বাটলার। ইনিংসের শেষ বল ও নিজের ৬৭তম বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন এই ইংলিশ ব্যাটসম্যান। তিনি অপরাজিত থাকেন ৬৭ বলে ১০১ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বাটলারের প্রথম শতক। দলের বিপদের সময়ে হাঁকানো এই শতকের পথে তার উইলো থেকে আসে ৬টি করে চার ও ছক্কা।
