নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের ২৯তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলংকা। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।
চলতি আসরে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০, ৩৫ ও ৫০ বল হাতে রেখে দাপুটে জয় পায় ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে শ্রীলংকা বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে ১৭২ রানের টার্গেট তাড়ায় জয় পায় ৫ উইকেটে। কিন্তু পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ ও ৪ উইকেটের ব্যবধানে হেরে যায়।
ইংল্যান্ড ও শ্রীলংকা টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২ ম্যাচে মুখোমুখি হয়। ৮ ম্যাচে জয় পায় ইংল্যান্ড আর ৪ ম্যাচে জয় পায় শ্রীলংকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত ছয় আসরে চারবার দেখা হয় ইংল্যান্ড-শ্রীলংকার। তার মধ্যে ৩ ম্যাচে জয় পায় ইংল্যান্ড আর একটি ম্যাচে জয় পায় শ্রীলংকা।
অতীত সমীকরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স সব মিলিয়ে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টির এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় নির্দিষ্ট দিনে যারা নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে জয় তাদেরই হবে।
