পাওয়ার হিটারের অভাববোধ নির্বাচকদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩ রান না নিতে পারার আক্ষেপে পুড়ছে বাংলাদেশ। এই ম্যাচটা জিতে গেলে পাল্টে যেতে পারত অনেক সমীকরণ। বিশ্বকাপের মূল পর্বে প্রথম দুই ম্যাচ হেরে খাঁদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশ দল টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নেমেছিল ক্যারিবীয়দের বিপক্ষে।

উইন্ডিজের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের অনেকটা কাছেও চলে গিয়েছিল কিন্তু শেষ ওভারে ১৩ রান আর তুলতে পারেনি। শেষ বলে চার রান প্রয়োজন থাকলেও আন্দ্রে রাসেলের বল ঠিকঠাক বুঝে উঠতে না পারার ব্যর্থতা স্বীকারও করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষ ওভারটিতে মাহমুদউল্লাহ’র সঙ্গে আফিফ হোসেন থাকলেও স্ট্রাইকে যেতে পারেননি তিনি। তবে ম্যাচ শেষে টাইগার অধিনায়কের দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, দলে শামিম পাটোয়ারির মতো স্লগার বা হার্ড হিটার থাকতে কেন নামানো হলো না তাকে। এমন প্রশ্নে মাহমুদউল্লাহ অস্বীকার করেন, শামিম স্লগার ব্যাটার না।

“শামিম কোনও স্লগার ব্যাটসম্যান না, হি ইজ অ্যা প্রপার ব্যাটসম্যান। স্লগ বলতে আমার মনে হয় না বাংলাদেশ দলে এমন কেউ আছে লাইক রাসেল। আমার জানামতে এমন কেউ নেই বাংলাদেশ দলে।”

একজন স্লগার ব্যাটারের অভাব ছিল কোয়ালিফাইং রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটায়ও। শেষ ওভারে যখন ২৪ রান লাগত বাংলাদেশের সেখানে ১৮ রান নিতে পারে মেহেদী হাসান ও সাইফউদ্দিন।

এই দুই ম্যাচে একজন স্লগার ব্যাটার থাকলে যে ম্যাচের মোড় ঘুরে যেত সেটি স্বীকার করে নিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। শনিবার বিসিবির দেওয়া ভিডিও বার্তায় এই নির্বাচক বলেছেন, “যদি আমরা টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো করতে চাই এবং বড় আসরে ভালো করতে চাই তাহলে অবশ্যই ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এছাড়া নিচের দিকেও কিন্তু আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, এটা নিয়েও কাজ করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »