নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্সে রীতিমতো হতাশ ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়া সাবেক এই ক্রিকেটার বলেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে ১০ রান করে ভালো শুরুর আভাস দিয়েছিল টাইগাররা। ওপেনার লিটন দাস ভালোই খেলছিল। কিন্তু হঠাৎ করেই সে বাউন্ডারি হাঁকাতে সুইপ করে আউট হয়। একই অবস্থা অন্য ওপেনার মোহাম্মদ নাঈমেরও। এরপর বালুর বাঁধের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
তিনি আরও বলেন, মইন আলি, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনদের যদি আবুধাবির মাঠে কোনো ব্যাটসম্যান খেলতে না পারে তাহলে বুঝতে হবে তার স্পিনে সমস্যা আছে। ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে তো আউট এমনিই হবে। টাইমাল মিলস এসে উইকেট নেন, ক্রিস ওকসও ভালো বল করেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের বাধা ডিঙ্গিয়ে মূলপর্বে উঠে পরপর দুই ম্যাচে শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে আপাতদৃষ্টিতে ছিটকে গেছে বাংলাদেশ দল।
নিজেদের শেষ তিন খেলায় টাইগাররা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই তিন ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের জয়ের সম্ভাবনা ক্ষীণ।
