অবসর ভেঙে ইংল্যান্ড দলে বেন স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সব ধরনের ক্রিকেট থেকে বেন স্টোকসের হঠাৎ অবসরের সিদ্ধান্তে সবাই অবাক হয়েছিল। মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য সবাই ইংলিশ অলাউন্ডারকে সাধুবাদ জানান এবং দ্রুত ক্রিকেটে ফেরার আশা প্রকাশ করেন। অবশেষে অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরে আসছেন দেশটিকে বিশ্বকাপ জেতানো এই তারকা।

অবসর নেওয়ায় ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং পরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল মিস করেছেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরুর দেশে ইংল্যান্ড ক্রিকেট দল। সেখানেও বেন স্টোকস নেই। তবে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন স্টোকস।

গত ১০ অক্টোবর অ্যাশেজ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে নাম ছিল না স্টোকসের। তবে আজ (২৫ অক্টোবর) এক বিবৃতিতে তারা জানিয়েছে, অ্যাশেজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছেন স্টোকস। আগামী ৪ নভেম্বর তিনি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন।

স্টোকস বলেন, ‘আমি আমার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছিলাম। এরই মধ্যে আমার আঙুলের চোটও ঠিক হয়ে গেছে। আবারও সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং মাঠে নামতে মুখিয়ে আছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য আমি প্রস্তুত।’

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ লড়াই। এবছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »