নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলা চলাকালীন মাঠের মধ্যে বিবাদ তৈরি করেছিলেন লাহিরু কুমারা এবং লিটন দাস।সেজন্য
দুইজনের বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের পৃথক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যা প্রথম মাত্রার অপরাধ। লেভেল-১ এর আওতায় কুমারাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ এবং লিটনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
কুমারার আচরণকে কোড অব কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে এমন কোনো ভাষা, আচরণ বা ইঙ্গিত করা হয় যা প্রতিপক্ষ ব্যাটারকে উত্তেজিত করে তোলে। লিটনের বিরুদ্ধে তোলা হয়েছে ২.২০ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ, যা স্পিরিট অব গেমের পরিপন্থী হিসেবে চিহ্নিত।
কুমারা ও লিটন দুজনকেই জরিমানার সাথে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে শাস্তির ঘটনা এবারই প্রথম। দুই ক্রিকেটারই অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
