নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েকদিন ধরেই টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের ব্যাটিং ঠিকঠাক চলছিল না। অবশেষে মুশফিক আলো ছড়িয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। গতকাল ৩৭ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলার পর নিজের সীমাবদ্ধতা মনে করিয়ে মুশফিক বললেন, চাইলেই কাইরন পোলার্ড বা আন্দ্রে রাসেলের মত ক্রিজে গিয়ে বাউন্ডারি হাঁকানোর মত ব্যাটসম্যান তিনি নন।
বাংলাদেশি ব্যাটাররা যে ক্যারিবীয় নন, তা ভুলে যান অনেকেই। বিগত ম্যাচগুলোতে ব্যাট হাতে মুশফিকের সংগ্রাম তাই প্রশ্নবিদ্ধ হয়েছিল সমালোচকদদের কাছে।
তবে মুশফিক জানালেন, টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো করা সহজ নয় ব্যাটারদের জন্য। তিনি বলেন,’‘টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করা সহজ নয়। যারা চার, পাঁচ ছয় নম্বরে ব্যাট করে… বিশ্বের একজন ব্যাটারও দেখাতে পারবেন না যে নিয়মিত রান করে। আর দলের প্রয়োজনে কখনও সাত-আটেও খেলতে হয়। কখনও ৫ ওভারে যাচ্ছেন, কখনও ১৭তম ওভারে। আমি পোলার্ড বা রাসেলের মত গিয়ে ধামধুম করে মেরে ফেলব ২ বল, ৪ বল বা ৬ বল পেলে এটা হয় না.. আমারও কিছু সময় লাগে, কিছু দুর্বলতা আছে। উন্নতির চেষ্টা করছি।’’
রান না পাওয়ায় যেসব সমলোচনা সহ্য করতে হয়েছে, তা-ই তাকে ফর্মে ফিরতে প্রেরণা দিয়েছে। এমন দাবি মুশফিকের। তিনি বলেন,”অনেক দিক থেকে শুনে মনে হয়েছে গত ৪-৫ বছর ধরে রান করি না। এই জিনিসটা আমাকে আরও প্রেরণা দিয়েছে। চেষ্টা থাকবে, দলে অবদান রেখে যত রান করতে পারি। সেটা হতে পারে ১০, হতে পারে ৮০, হতে পারে ১০০।”
