নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমানে ক্রিকেটে সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল। আইপিএলের বিগত আসর গুলোতে ৮ টি করে দল খেললেও আগামী আসরে দুইটি দল বাড়াতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ফ্রাঞ্চাইজি কেনার দৌড়ে এবার নাম লেখালেন বলিউড তারকা দীপিকা রণবীর।
আইপিএলের নতুন দুটি দল ঘোষণা করা হবে আগামী ২৫ অক্টোবর। এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক হতে প্রতিদ্বন্দ্বিতা চলছে বাঘা বাঘা গ্রুপ ও প্রতিষ্ঠানের। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবার আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটির মালিক হতে চায়।সেই দৌড়ে আছে আদানি গ্রুপ, আরপি-সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের মত নামজাদারা। এবার ফ্র্যাঞ্চাইজি কেনার এই প্রতিযোগিতায় নাম লেখালেন জনপ্রিয় বলিউড তারকা রণবীর ও দীপিকা ।
ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সমানতালে টেক্কা দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা ও অভিনেতা রনবীর, যারা বাস্তব জীবনে স্বামী-স্ত্রী।আইপিএলে বলিউডের স্পর্শ নতুন কিছু নয়। বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক। সেই দলের সাথে যুক্ত আছেন অভিনেত্রী জুহি চাওলাও। আরেক প্রখ্যাত অভিনেত্রী প্রীতি জিনতা পাঞ্জাব কিংসের মালিক। দীপিকা-রনবীর আইপিএলে দল পেলে তাই অবাক হওয়ার কিছুই থাকবে না।
নতুন যে দুটি দল আসবে তাদের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়টি শহর- গোয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লক্ষ্ণৌ ও ধর্মশালা। সবচেয়ে এগিয়ে আছে আহমেদাবাদ। ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য আগ্রহীরা ইতোমধ্যে ১০ লাখ রুপির ইনভাইটেশন টু টেন্ডার সংগ্রহ করেছেন। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ঘোষণার।
