নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটিং এর সেরা স্তম্ভ, আর মোস্তাফিজ বাংলাদেশের বোলিং এটাকের নেতা। তবে চলমান বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারছেন না দলের সেরা এই দুই তারকা।তবে দল এই দুই তারকার ফর্ম নিয়ে চিন্তিত নয় , এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মুশফিকের ব্যাট যেন হাসছেই না। ফলে দলও তাকে নিয়ে ব্যাটিং অর্ডারে চালাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। কখনো চার নাম্বার আবার কখনো আট নাম্বার । তবে রানের দেখা পাচ্ছেন না এই মিস্টার ডিপেন্ডেবল। নিউজিল্যান্ড সিরিজ, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের পরে বাছাই পর্বের তিন ম্যাচেও ব্যর্থ মুশফিক।
অন্যদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে চমক জাগানোর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাড়া পারফরম্যান্স দেখানোর বেশি দিন হয়নি- সেই মুস্তাফিজই কেন যেন বিশ্বকাপে ছন্নছাড়া। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে বাকি সবাই যেখানে নিয়ন্ত্রিত বোলিং করেছেন, মুস্তাফিজ সেখানে ৪ ওভারে বিলি করেছেন ৩৪ রান।এর আগে স্কটল্যান্ড ম্যাচেও সেরা ছন্দে ছিলেন না। ওমানের বিপক্ষে ৪ উইকেট পেলেও প্রথম ওভারে পাঁচ-পাঁচটি ওয়াইডে ভড়কে দিয়েছিলেন সবাইকে।
এমন পারফরমেন্সের পর গণমাধ্যমের সামনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দাবি, মুস্তাফিজ বা মুশফিক কাউকে নিয়েই কোনো দুশ্চিন্তা নেই।রিয়াদ বলেন, ‘আমাদের কাউকে নিয়েই দুশ্চিন্তা নেই। মুশফিককে নিয়েও না, মুস্তাফিজকে নিয়েও না। তারা দুর্দান্ত খেলোয়াড়। কয়েকটা ম্যাচে পারফর্ম না করায় আমরা বিশ্বাস হারাচ্ছি না। বাইরে যারা আছে ওরা হয়ত বিশ্বাস হারাতে পারে। আমরা ওদের সাথে আছি।’
এদিকে দলের বোলারদের ছন্দ কতটা প্রত্যাশিত অবস্থায় আছে এ নিয়েও উঠছে প্রশ্ন। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে এবং ওমানের বিপক্ষে শুরুর দিকে বোলিং সন্তোষজনক ছিল না। তবে রিয়াদ জানালেন, বোলিং ইউনিট নিয়েও কোনো চিন্তা নেই তাদের। তিনি বলেন, ‘না কোনো চিন্তার কারণ নেই।’
