নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আল আমেরাত স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হয়েছে লড়াকু পারফরম্যান্স দিয়ে। ব্যাট হাতে বাজে শুরুর পর ১৫৩ রানের পুঁজি দাঁড় করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ওমান পেয়েছিল ভালো শুরু।
একসময় মনে হচ্ছিল, স্কটল্যান্ডের মত বাংলাদেশকে হারিয়ে ওমানও হয়ত জন্ম দিবে অঘটনের। সেক্ষেত্রে চলতি আসর থেকে ছিটকে পড়তে হত বাংলাদেশকে। কিন্তু মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের দারুণ প্রত্যাবর্তনে শেষপর্যন্ত ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণ খোলা রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দলের জয়ের পর যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেট-প্রেমিরা। ক্রিকেট-প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকাশ করেছেন স্বস্তি।
ম্যাচের পরপরই ওমানে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন প্রধানমন্ত্রী। পাপন জানিয়েছেন, জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় উদ্বেগে ছিলেন প্রধানমন্ত্রীও।
পাপন বলেন, ‘এ জয় স্বস্তিদায়ক। প্রধানমন্ত্রীও উদ্বেগে ছিলেন। তবে সবকিছুর পর দল ঘুরে দাঁড়িয়েছে।’
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। সুপার টুয়েলভে যেতে হলে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনিকে হারাতেই হবে টাইগারদের।
