নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ড বিপক্ষে লজ্জাজনক হার মেনেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে না পারলে বিশ্বকাপের মূল পর্বে খেলা হবে না টাইগারদের।
ব্যাটারদের ব্যর্থতায় স্কটল্যান্ডের বিপক্ষে হার নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায়, ওমানের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপে বাংলাদেশের টিকে থাকার লড়াই, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মূলত, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ভাবনাতেই পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন আগেই নিশ্চিত করেছে রাসেল ডোমিঙ্গো, স্কটল্যান্ডের বিপক্ষে খেলা সৌম্য সরকার বা লিটন দাস বাদ পড়তে যাচ্ছেন। একাদশে জায়গা পেতে পারে নাঈম শেখ।তিনে আগের ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান, চার ও পাঁচে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩, ৪ ও ৫ এ ব্যাট করা সাকিব, মুশফিক ও রিয়াদের ধীর গতির ব্যাটিংই মুলত হারের কারণ। তাদের মন্থরগতির ব্যাটিংয়ের পর ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও, যদিও বোর্ড সভাপতির কথাকে গুরুত্ব না দিয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনেই মনোযোগ দিচ্ছেন ডোমিঙ্গো।
টাইগারদের হেড কোচ বলেন, “আমি বরাবরই ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের ভক্ত। একই সময়ে আমরা ক্রিজে ভিন্ন ধরনের ব্যাটসম্যান রাখতে চাই, একই ধরণের নয়। আমরা এটা তলিয়ে দেখেছে, হয়ত বড় কোন বদল আসবে না।”
তিনি আরও বলেন, “কিন্তু হয়ত ২/১ টি উলোট-পালট হবে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ফ্লেক্সিবল ছিলাম। এটা অনেকটা পরিস্থিতির উপরও নির্ভর করে, কোন বোলার বল করছে সেটাও বিবেচ্য।”
