নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাত পোহালেই পর্দা উঠবে টি২০ বিশ্বকাপের। বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশ মাঠে নামবে বাছাই পর্বের ম্যাচে। বাংলাদেশের গ্রুপে আছে স্কটল্যা্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। তবে ওমান ও পাপুয়া নিউ গিনির চেয়ে বাংলাদেশকে খুব একটা বড় করে দেখছেন না স্কটল্যান্ডের প্রধান কোচ শেন বার্জার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউগিনি বাধা টপকাতে হবে স্কটল্যান্ডকে। বাছাইপর্বে স্কটিশদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশকে মোকাবেলা করা। তবে এই চ্যালেঞ্জকে বড় করে দেখছে না স্কটিশরা। অন্য দুই প্রতিপক্ষের মতো করেই বাংলাদেশকে বিচার করছে তারা।
রবিবার (১৭ অক্টোবর) ‘বি’ গ্রুপের ম্যাচে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। শক্তি ও সামর্থ্যের বিচারে নিঃসন্দেহে এই গ্রুপে স্কটিশদের জন্য সবচেয়ে বড় হুমকি সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের নিয়ে গড়া বাংলাদেশ। তবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশকে হারানো কঠিন কিছু হবে না বলে দাবি করেছেন স্কটিশ কোচ।
এ প্রসঙ্গে বার্জার বলেন, ‘আমরা জানি আমরা যদি সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যে কোনো দলকে হারিয়ে দিতে পারি। ভালো খেলতে পারলে বিষয়টি খুবই সহজ হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে বড় দলের সঙ্গে ছোট দলের খুব একটা পার্থক্য থাকে না। আমাদের ডেরায় কেমন ক্রিকেটার আছে তা আমরা জানি। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারি, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউ গিনি যেই হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা বাছাই পর্বের খেলায় বাংলাদেশকে পাপুয়া নিউ গিনি ও ওমানের চেয়ে খুব একটা উঁচুতে দেখতে পাচ্ছি না। আমরা জানি প্রতিটি দলই একে একে আমাদের দিকে তেড়ে আসবে (জয়ের জন্য)। তাদের জন্য আমরাই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হব। সেই চ্যালেঞ্জ নিতে আমরা দারুণভাবে প্রস্তুত আছি।’
