নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আর মাত্র কয়দিন পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। অধিনায়ক বাবর আজমের বিশ্বাস ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করবে পাকিস্তান।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবল প্রথম পর্বের ম্যাচ। আর সুপার টুয়েলভের ম্যাচ শুরু হবে ২৪ অক্টোবর থেকে। আর ঐদিনই রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর ম্যাচ। যদিও বিশ্বআসরে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।
বিশ্বকাপের মঞ্চে দুই দলের মধ্যকার ১২টি ম্যাচে, সবগুলো ম্যাচেই পরাজিত হয় পাকিস্তান। তবে এবার সেই ইতিহাস বদলাতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, “গত তিন-চার বছর ধরে আমিরাতে ক্রিকেট খেলছি আমরা এবং কন্ডিশন ভালোভাবে জানা। উইকেট কেমন আচরণ করবে এবং ব্যাটসম্যানদের কিভাবে মানিয়ে নিতে হবে জানি আমরা। ম্যাচের দিনে যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। আমার কাছে যদি জানতে চান, বলব আমরাই জিতব। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে।”
অতীতে কোন ম্যাচ জিততে না পারলেও তা নিয়ে পড়ে থাকাটায় সাচ্ছন্দ্যবোধ করছেন না পাকিস্তানি এই অধিনায়ক। দলের ব্যাটসম্যান ও বোলারদের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে বাবর আজমের।
তিনি আরও বলেন, “ভারতের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়। তবে সেগুলো এখন অতীত। আমরা অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার আত্মবিশ্বাস আছে যে আমাদের ব্যাটার এবং বোলাররা নির্দিষ্ট দিনে তাদের সেরাটা দিবে।”
