নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রত্যেকটা দল মরুর বুকে চার-ছক্কার ধুম ধারাক্কা দেখানোর জন্য প্রস্তুত। ওয়ানডেতে সবচেয়ে সফল দল,পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টি শিরোপা জিতবে এই বিশ্বাস করছেন ব্রেট লি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়ার এই দলটিকে তাদের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেন লি। তাছাড়া এবারের আসরে ভারতের পক্ষেও বাজি ধরছেন তিনি।
এ প্রসঙ্গে ব্রেট লি বলেন, ‘আমি মনে করি এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি। ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে এবং তারা বিশ্বকাপ জিততে পারে। আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া জিতুক এবং আমি মনে করি তারা জিততে পারে। কিন্তু ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি অস্ট্রেলিয়ারও সেরা সুযোগ আছে।’
এদিকে ইংল্যান্ডের হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন ইয়ন মরগান, জস বাটলার, ডেভিড মালানরা। অভিজ্ঞ এসব ক্রিকেটাররা থাকার কারণে ইংল্যান্ড অন্যান্য দলগুলোর জন্য হুমকি হতে পারেন বলে মনে করেন লি। ইংল্যান্ডের চেয়ে ভারতকেই ঢেড় এগিয়ে রাখছেন তিনি।
ভারতের দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের তারকারা। তাছাড়া তরুণ ক্রিকেটারদের আধিক্য থাকায় বতর্মান সময়ে ভারত দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন লি।
‘ইংল্যান্ডের যে দল রয়েছে এবং তাদের অভিজ্ঞতার কারণে তারা সবসময় একটি বড় হুমকি। কিন্তু আমার কাছে ভারত বেশি ফেভারিট। আপনি সব ফরম্যাটে ভারতের আধিপত্যের কথা ভাবছেন, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে তরুণ ক্রিকেটার উঠে আসছে। তারা এখন বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে এবং তাদের টপঅর্ডার বিধ্বংসী হতে পারে।’
