নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচাইতে মর্যাদার খেলা হল অ্যাশেজে সিরিজ। দু’দলেরই স্বপ্ন থাকে অ্যাশেজে এর মতো সম্মানজনক পারফর্ম করা। দর্শকদের চাহিদা অ্যাশেজে সিরিজ সবার উপরে।আসন্ন অ্যাশেজকে নিয়ে আবারও একটি ভবিষ্যদ্বাণী করেছেন ভন।
গত শুক্রবার (৮ অক্টোবর) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে অ্যাশেজের। সম্প্রতি অ্যাশেজ হবে কি না এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অ্যাশেজ স্থগিত হয়ে যেতে পারে এমন আলোচনাও ভাসছে বাতাসে। এরই মাঝে এরকম একটি সংবাদ নিঃসন্দেহে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ভক্তদের জন্য স্বস্তিদায়ক।
সিরিজের ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে ভন জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড ৫-০ ব্যবধানে হেরে যেতে পারে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড দলের রেকর্ড খুব একটা ভালো নয়। তাছাড়া তিনি আরও জানান, যদি ইংল্যান্ড শুরুটা ভালো করতে না পারে তবে পুরো সফরটা তাদের জন্য হতে পারে ভুলে যাওয়ার মত।
ভন বলেন, ‘এই সিরিজের ফলাফল ৫-০-ও হতে পারে। আপনাকে বাস্তববাদী হতে হবে। সর্বশেষ ৪টি অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দুইবার ৫-০ তে হেরেছে এবং একবার ৪-১ এ হেরেছে। অবশ্য তারা ২০১০-১১ তে ৩-১ এ জিতেছিল। তবে বর্তমানের ইংল্যান্ড টেস্ট দলটি যদি ভালো শুরু করতে পারে, ভালো খেলে যেতে পারে, তখন কোনো সমস্যা হবে না। কিন্তু যদি শুরুটা বাজে হয় তবে পুরো সফরটাই হতাশাজনক হতে যাচ্ছে তাদের জন্য।’
ইংল্যান্ডের টেস্ট দলের এই বছরটা খুব একটা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কায় সিরিজ জিতে শুরু করলেও এরপর থেকে হেরেই চলেছে তারা। ভারতে গিয়ে ৩-১ এর হার, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ তে হার।
এছাড়াও ভারতের বিপক্ষে ঘরের মাঠে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া সিরিজেও ২-১ এ পিছিয়ে ছিল ইংলিশরা। ভনের মতে, ইংল্যান্ড দলকে নিয়ে আগাম কিছু বলে দেওয়াটা বেশ কষ্টসাধ্য কারণ তারা সবসময়ই অনিশ্চয়তায় ভরপুর।
সাম্প্রতিক সফরগুলোতে ইংল্যান্ডের ব্যর্থতা নিয়ে বেশ হতাশ ভন, ‘শ্রীলঙ্কায় সিরিজ জিতে তারা ভারতে গিয়েছিল। সেখানে গিয়ে প্রথম টেস্ট ম্যাচটা জিতেছিল জো রুটের কল্যাণে, কিন্তু এরপর বেশ বাজেভাবে সিরিজটা হেরে গেল। তারা হয়ত ভালো দলের বিপক্ষে জিততে পারে কিন্তু এটাও মাথায় রাখতে হবে তারা যেকোনো দলের বিপক্ষে হেরে যেতে পারে।’
অ্যাশেজজয়ী সাবেক ইংলিশ অধিনায়ক আরও জানান, ফ্ল্যাট উইকেটে ভালো করার জন্য দলে ভালো একজন স্পিনার অথবা জোরে বল করতে পারা একজন পেসার প্রয়োজন, কিন্তু ইংল্যান্ড দলে কোনোটিই নেই।
