নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি বেঁধে দেওয়া নিয়মে সবাই দল দিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ বিশ্বকাপ শুরু হবার কিছুদিন আগে সবাই নিজ নিজ জায়গা থেকে দল পরিবর্তন করছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে নেই এর আগে বিশ্বকাপ দলে ডাক পাওয়া ৪ জন।
গত ৯ সেপ্টেম্বর ১৮ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে এসিবি। সেই স্কোয়াডে থাকলেও পরিবর্তিত চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন শরফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ। এদের মধ্যে শরফউদ্দিন আশরাফ ও দাওলাত জাদরান রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন।
তারা দুইজন ছাড়াও রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সাথে বিশ্বকাপে থাকবেন সামিউল্লাহ শিনওয়ারি ও ফজল হক ফারুকি। চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন ফরিদ আহমাদ মালিক। ২৭ বছর বয়সী এই পেসার আফগানিস্তানের হয়ে ৫টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
বিশ্বকাপ দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। গত ৮ সেপ্টেম্বর ঘোষিত স্কোয়াডের অধিনায়ক ছিলেন রশিদ খান। তবে দল ঘোষণার পরপরই রশিদ নির্বাচক প্যানেলের প্রতি অসন্তোষ জানিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। তাৎক্ষণিকভাবে নবীকে অধিনায়কের দায়িত্ব দেয় এসিবি।
একনজরে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), হাশমতউল্লাহ শহীদী, আসগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমাদ মালিক ও নাভিন উল হক।
রিজার্ভ খেলোয়াড় : শরফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দাওলাত জাদরান ও ফজল হক ফারুকি।
