নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অলরাউন্ডার আন্দ্রে রাসেল চোটে পড়ায় কলকাতা নাইট রাইডার্স একাদশে আবারো দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। যদিও রাসেল পুরোপুরি ফিট না হলে প্লে-অফেও সাকিবকে একাদশে দেখতে চান দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।
ভারতের সাবেক এই ক্রিকেটার আইপিএল ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন কলকাতার জার্সিতে। অধিনায়ক হিসেবে আইপিএলের দুটি শিরোপা জিতিয়েছেন শাহরুখ খানের দলকে। দুবারই দলে ছিলেন সাকিব। সাকিবের দক্ষতা বা সামর্থ্য সম্পর্কে তাই ভালোই জানা আছে গম্ভীরের। সাকিবকে তিনি চান রাসেল থাকলেও, যদি না রাসেল বোলিং করার মত পুরোপুরি ফিট না হয়ে ওঠেন।
ইএসপিএনক্রিকইনফোকে গম্ভীর বলেন,’‘রাসেল যদি বল না করে তাহলে দলের জন্য পুরোপুরি কার্যকরী হল না। সাকিবের দোষটা কোথায়? আমার মতে, রাসেল ফিট থাকলে এবং ব্যাটিং বোলিং দুই-ই করতে পারলে তাকে নেওয়া যায়। তবে সে যদি শুধু ব্যাটিং করে এবং বোলিং করতে না পারে, তাহলে আমি সাকিবকেই বেছে নিব। কারণ ব্যাঙ্গালোরের মত দলের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে আপনার ষষ্ঠ বোলারেরও প্রয়োজন আছে।’’
এলিমিনেটর ম্যাচে গম্ভীরের চাওয়া, বোলিংয়ের পূর্ণ শক্তি নিয়ে খেলুক দল। তিনি বলেন,’‘চার-পাঁচজন বোলার নিয়ে আর নিতিশ রানা ও ভেঙ্কাটেশ আইয়ারের পার্ট টাইম বোলিং নিয়ে আপনি খেলতে পারবেন না। অন্তত প্লে-অফের এমন একটি ম্যাচে।”
