নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে আকস্মিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটের কিপিং থেকে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর নুরুল হাসান সোহান দলে ফেরায় তিনিই ছিলেন কিপার হিসেবে দলের প্রথম পছন্দ। মুশফিক তাই টেস্টের পর টি-টোয়েন্টিতেও কিপিং থেকে অব্যাহতি নেন।
আলোচিত সেই ঘটনার পর প্রায় এক মাসের মাথায় অবশেষে মুখ খুলেছেন মুশফিকুর রহিম। তিনি জানিয়েছেন, দলের স্বার্থে কিপিং ছাড়তে কোনো আপত্তি নেই তার। তবে মুশফিক এখনও ব্যাটিংয়ের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে আত্মপ্রত্যয়ী।
তিনি বলেন,’‘যেকোনো জিনিসই আপনি যত পেছন থেকে দেখবেন তার তত স্পষ্ট চিত্র পাবেন। তবে দলের পরিকল্পনা বা প্রস্তুতি অন্যরকম থাকলে খেলোয়াড় হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে। সবসময় চেষ্টা করি দলের সদস্য হিসেবে খেলতে। তারা আমাকে যে ভূমিকায় চান, আমি সেই ভূমিকা স্বাচ্ছন্দ্যে নিতে রাজি আছি।’’
কিপিং ছাড়লেও ব্যাটসম্যান হিসেবে মুশফিকের ওপর এখনও অগাধ আস্থা দলের। মুশফিকও মানেন- ব্যক্তির চেয়ে দল বড়। আর তাই ব্যাটিংয়ের ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি নিজেও।
তিনি বলেন,’‘এখনও ব্যাটিংয়ে অনেক বেশি প্রত্যাশা রাখলে আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখার। ব্যক্তির চেয়ে দল বড়। সেদিকে খেয়াল রাখতে হবে।”
