নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সৌম্য সরকারের বাংলাদেশ ক্রিকেটে আগমন হয়েছিল অনেক আশা নিয়ে, স্বপ্ন দেখিয়ে । এরপর থেকে কখনো আশা পূরণ করেছেন আবার কখনো ব্যর্থ হয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত খেললেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় শট খেলায় মনোযোগ দিচ্ছেন এই ওপেনার।
জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য সরকার। সৌম্যর ব্যাটের সেই রঙ হারিয়ে যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। পুরনো ফর্ম ফিরে পেতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি । আর সামনে টি২০ বিশ্বকাপ থাকায় বড় শট খেলায় বেশি মনোযোগ তার।
নিউজিল্যান্ড সিরিজের পর খেলোয়াড়রা ছুটি পেলেও সৌম্য সবসময় নিজেকে ব্যস্ত রেখেছেন অনুশীলনে। ‘হোম অব ক্রিকেটে’ বেশ কয়েক দিন দেখা মিলেছে সৌম্যর ঘাম ঝরানোর দৃশ্যের।
সৌম্য বলেন, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি। আমরা গত যে দুই সিরিজে খেলেছি সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে।’
অনুশীলনে সৌম্য মূলত মনোযোগ দিচ্ছেন বড় শর্ট খেলায়, সৌম্য জানান, বিশ্বকাপের উইকেটের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন অনুশীলনে, কারণ অনুশীলনের উইকেট ছিল স্পোর্টিং উইকেটের কাছাকাছি। সেই সাথে বড় শট খেলার জন্য ভারসাম্য ঠিক রাখার কৌশল রপ্ত করে গেছেন এই জনপ্রিয় ব্যাটসম্যান।
সৌম্যর আশা, বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি ষোলোআনা পূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, ‘এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো।’
