নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তাই বিশ্বকাপ স্কোয়াড থাকা সকল খেলোয়াড় এখন ব্যস্ত সময় পার করছে ওমানে উড়াল দেওয়ার অপেক্ষায়।
দেশ ত্যাগের আগে বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার জানালেন, ভালো কিছুর আশা নিয়েই বিশ্বকাপে যাবেন তিনি। বিশ্বকাপের স্পোর্টিং উইকেটে দল মানিয়ে নিতে পারবে বলে আশাবাদ তার।
সৌম্য বলেন,”টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে। ভালো কিছুর আশা নিয়েই যাব।’’
সুপার টুয়েলভে উঠতে পারলে লড়তে হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মত দলের সাথে। সৌম্য জানালেন, বিশ্বকাপের আগে সব দলকেই একই কাতারে রাখছেন তিনি, তাই নেই কোনো প্রিয় প্রতিপক্ষ।
সৌম্য বলেন,’‘প্রিয় প্রতিপক্ষ বলে কেউ নেই। সবার সাথেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিৎ, ১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিৎ। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।”
