নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে মঈন আলী সবসময় কার্যকারী। তবে মনে আফসোস আছে এই অলরাউন্ডারের। তার বিশ্বাস, মিডল অর্ডারে নিয়মিত ব্যাটিংয়ের সুযোগ পেলে নিজেকে স্টোকসের মতো করেই গড়ে তুলতে পারতেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও আছেন মঈন। বিশ্বকাপ শেষে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ইংল্যান্ড। হয়তো সেই স্কোয়াডেও থাকতে পারতেন এই অলরাউন্ডার, তবে তার আগেই হঠাৎ করেই গেল (সোমবার) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
মঈন মনে করেন, যদি ব্যাট হাতেও তিনি স্টোকসের মতো সুযোগ পেতেন তাহলে তিনিও নিজেকে সেভাবেই গড়ে তুলতে পারতেন।
মঈন বলেন,”ব্যাটিং নিয়ে আমার ভিন্ন চিন্তাভাবনা ছিল, নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবে পরিচয় দিতেই স্বচ্ছন্দ বোধ করতাম। আমার মনে হয়, আমার ব্যাটিংকে বেশ নষ্ট করা হয়েছে। আমি যা করেছি তার চেয়েও ভালো কিছু করতে পারতাম। নিশ্চিত ভাবেই আরও কয়েকটা সেঞ্চুরি করতে পারতাম, আরও বেশি রান করতে পারতাম।”
তিনি আরও বলেন,”অবশ্যই স্টোকস একজন চমৎকার খেলোয়াড় হয়ে উঠেছেন। কিন্তু আমার মাঝেমাঝে মনে হয় যে এটা আমিও হতে পারতাম, যদি আমি আরেকটু বেশি সুযোগ পেতাম। আমি ওপরে ব্যাটিং করতে পছন্দ করতাম। ৬ নং সর্বশেষ ব্যাট করার দিনে আমি ৬০ রান করেছিলাম। আমি জানি, আমার কৌশল ও ধৈর্য আহামরি ছিল না, তবে সুযোগ পেলে আমি ঠিকই ভালো করতাম।”
