পেসের সাথে আমার কোনো আপোষ নেইঃ তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান বাংলাদেশ দলের অন্যতম গতিময় বোলার হলেন তাসকিন আহমেদ। সম্প্রতি স্লোয়ার ও কাটার শেখার দিকেও মনোযোগ দিয়েছেন তিনি। তবে পেসের সাথে কোনো আপোষ করবেন না তিনি।

তাসকিন আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপে, নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। এই আসরে ভালো করার জন্য গতির পাশাপাশি কাটার, স্লোয়ার করার দিকেও নজর দিচ্ছেন তিনি। তাসকিন নিজেও স্বীকার করেন তিনি স্লোয়ারে পিছিয়ে আছেন। তাই মাশরাফি বিন মুর্তজার কাছে কাটার, স্লোয়ার বল করার টোটকা নিয়েছেন।

তাসকিন জানান, মাশরাফি তাকে এখন কাটার নিয়ে কাজ করতে বলেছেন এবং প্রথমে এটি ভালোভাবে আয়ত্ত্ব করার পরে আবার নতুন কিছুতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন,”পেসের সাথে আমার কোনো আপোষ নেই। কারণ আমার পেস কমে গেলে আমি দল থেকেই হয়ত বাদ পড়ে যাব। কারণ আমি অবশ্যই মুস্তাফিজ হতে পারব না। মুস্তাফিজ হলো কাটার-মাস্টার। আমার পেসের সাথে যেন আমি কাটারেও উন্নতি করতে পারি, এটাই আর কী।”

তাসকিনের মতে তার মূলশক্তির পেস, সুইং ও বাউন্সের পাশাপাশি কাটার ও স্লোয়ার শিখতে পারলে সেটি তার জন্য বাড়তি একটি অস্ত্র হবে।

তাসকিনের ভাষায়,”অবশ্যই পেস, সুইং, বাউন্স আমার শক্তির জায়গা। আমার এই শক্তির জায়গার সাথে কাটার, স্লোয়ার এগুলো হলো একটা বাড়তি পাওয়া। মাশরাফি ভাই বলেছেন, আমি আত্মবিশ্বাসী থাকলে এগুলো চালিয়ে যেতে। যদি পেস, সুইংয়ের সাথে কাটার ও স্লোয়ার ভালো করতে পারি আগে চেয়ে, তাহলে এটা আমার একটা ভালো অস্ত্র হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »