হায়দরাবাদ একাদশে যাদব কেন, প্রশ্ন পোলকের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যর্থ কেদার যাদব। এরপরেও নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন তিনি। হায়দরাবাদের কাছে যাদবকে একাদশে রাখার কারণ জানতে চেয়েছেন শন পোলক।

এবারের আইপিএলে হায়দরাবাদের হয়ে ছয় ম্যাচে ৫৫ রান করে এখনও নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন যাদব।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের পর পোলক বলেন,’‘ডেভিড ওয়ার্নার দলের বাইরে ছিল, সে ফিরেছে। আপনার খারাপ সময় যেতেই পারে। মানিশ পান্ডে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে কিন্ত কেদার যাদব তার পারিশ্রমিক অনুযায়ী পারফর্ম করতে পারছে না। আমরা জানতে চাই, কোন পারফরম্যান্সের কারণে সে নিয়মিত একাদশে খেলছে? আসরে আট ম্যাচে তার যে পারফরম্যান্স নিশ্চয় তার চেয়ে অনেক ভালো কিছু প্রত্যাশিত ছিল।’’

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি আরও বলেন,’‘এ ব্যাপারে কোচিং স্টাফদের পক্ষে কিছু বলা কঠিন কারণ দল অনেকটা পরিবারের মতো। কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর দেওয়া দরকার। বেলিস দারুণ একজন মানুষ, সবাই তাকে ভালোবাসে এবং সে কোচ হিসেবেও দারুণ কাজ করে।’’

পোলক মনে করেন, ক্রিকেটার বা কোচদের যেমন পারিশ্রমিক দেয়া হয় তেমনি তারাও চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে পারফর্ম করে সেটার প্রতিদান দিতে। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে সেটা প্রশ্নবিদ্ধ হয়। যেমনটা যাদবের ক্ষেত্রে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন,’‘ক্রিকেটাররা আসলে পারফর্ম করার জন্য কি করছে? আপনি তাদের যথেষ্ট সুযোগ-সুবিধা দিচ্ছেন। তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় বিনিময়ে তারা পারফর্ম করে। আমি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ব্যাপারটাও বুঝি। আমি জানি মুডি, লক্ষণ এবং মুরালিধরন তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »