আমার নীতিনির্ধারণী পর্যায়ে থাকা উচিৎ: ফাহিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বড় চমকের জন্ম দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন করছেন দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম। কোচিংয়ের পাশাপাশি এবার তিনি হতে চাইছেন দেশের ক্রিকেটের নীতিনির্ধারকদের একজন।

নির্বাচনে ফাহিম দাঁড়াচ্ছেন জনপ্রিয় বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে। জীবনের প্রথম বোর্ড নির্বাচনে তাই কঠিন পরীক্ষা দিতে হবে ফাহিমকে। আপাতত আত্মবিশ্বাসের সাথেই তার অভিমত, ক্রিকেট জ্ঞান ভাগাভাগির জন্য তার বোর্ডের পর্ষদে থাকা উচিৎ।

তিনি বলেন,’‘আমি এর আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে… যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল নির্বাচন করার। তবে আরেকজনের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে- বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করা দরকার। আমি অনুধাবন করেছি যে আমি বা আমাদের মত যারা আছে তাদের বোধহয় পলিসি লেভেলে থাকা উচিৎ।’’

ফাহিমের বিশ্বাস, তার ক্রিকেট অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে পারবেন তিনি কিংবা তার মত অভিজ্ঞরা। একইসাথে নিজের যোগ্যতার ওপরও অগাধ আস্থা তার।

ফাহিম বলেন,”আমরা সত্যিকারের ছবিটা তুলে ধরতে পারবো পলিসি লেভেলে। আর সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আনার চেষ্টা করব। আমার যেহেতু অনেক পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে আমি জানি… ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বলুন, হিউম্যান রিসোর্স বলেন, অবকাঠামো বলুন- সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম আমার মনে হয় না ততটুকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »