নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সামনে টি২০ বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে আরব আমিরাতে, বিশ্বকাপ দল থেকে নিজের নাম আগেই প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে না খেললেও তামিম খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লীগে। ইপিএলে তামিমের খেলা তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ইঞ্জুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তামিম। ঘরে মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারেননি।৮ সপ্তাহের বিশ্রাম শেষে তামিম অনুশীলনে ফিরলেও তার পুনর্বাসন প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে দাবি দেবাশীষের।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর তামিমকে মেডিকেল বিভাগ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে তামিম পুনর্বাসন পরিকল্পনা মেনে চলেছে। যথেষ্ট কষ্ট ও অধ্যবসায়ের সঙ্গে এই জটিল ও দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে। গত ২-৩ দিন ধরে স্কিল ট্রেনিং করেছে। আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আমরা আশাবাদী, এভাবে স্কিল ট্রেনিং চালিয়ে গেলে ইপিএলে খেলা সম্ভব হবে।’
ইপিএলে তামিম খেলবেন ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। দলটির প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর, পোখারা রাইনোসের বিপক্ষে। তবে প্রথম ম্যাচ থেকে তামিমকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে তার অংশ হিসেবে ইপিএলে খেলা, এটা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। এই খেলায় বোঝা যাবে স্কিল ও অন্যান্য বিষয় কতটা সামলে নিতে পারছে। এই খেলার ওপর নির্ভর করে পরবর্তী দিকনির্দেশনা দিব।’
ইপিএলে তামিম খেলতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তার ওপর নির্ভর করছে পাকিস্তান সিরিজে তামিমের অংশগ্রহণ। বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।
