নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরুর আগে এই শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ক্রিকেটাররা। একইভাবে সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে নীরবতা পালন করেছেন বাংলাদেশ ও আফগানিস্তানের যুব ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ড কর্মকর্তা সহ কর্মচারীবৃন্দ।
গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই ক্রিকেট কোচ, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যার কারণে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। তবে পুনরায় অসুস্থ হলে ১৫ সেপ্টেম্বর ফের হাসপাতালে ভর্তি করানো হয় জালাল চৌধুরীকে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে প্রদান করা হয়। এবং আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (কোয়াব) ক্রিকেটের বিভিন্ন মহল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান-১৯ দলের মধ্যকার আনঅফিসিয়াল টেস্ট শুরুর আগেও জালাল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
