নতুন কাওকে সভাপতির দায়িত্ব দিতে চান পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

অল্প কিছুদিন পরই হবে বহুল প্রতিক্রিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চান না বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন কারও হাতে এমন গুরু দায়িত্ব তুলে দিতে চান তিনি। সেই লক্ষ্যে আসন্ন নির্বাচনের জন্য নিজের নেতৃত্বে কোনো প্যানেলও ঘোষণা করেননি তিনি।

সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন। গত দুই নির্বাচনে পাপন পেয়েছিলেন নিরঙ্কুশ বিজয়। এবারও তাকেই সবাই ঠেলছেন সভাপতি পদের জন্য। তবে পাপনের চাওয়া, নতুন কেউ আসুক বিসিবি সভাপতির আসনে।

এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন ধারণা, নতুন মন না আসলে সব একই ধারায় চলতে থাকে। আমি মনেপ্রাণে চাচ্ছি নতুন কেউ আসুক। এজন্য এবারই প্রথম আমার কোনো প্যানেল নেই। যে খুশি নির্বাচনে দাঁড়াতে পারে। আমি জিতলে পরিচালক হতে চাইব। আমার প্রথম অনুরোধই থাকবে- আমি সভাপতি হতে চাই না।’

তবে পাপনকে ডিঙিয়ে সভাপতি হওয়ার মত কোনো প্রার্থী এখন নেই বললেই চলে। তবে নির্বাচনে জিতলেও তার দিক থেকে আপ্রাণ চেষ্টা থাকবে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার, এমনটাই জানিয়েছেন পাপন।

তিনি বলেন, ‘প্যানেল দিয়ে দিলে কেউ নির্বাচনে দাঁড়ায়ই না, প্রতিদ্বন্দ্বিতা হয় না। এবার প্যানেলই নেই। বলার সুযোগ নেই- ও আমার প্রার্থী। এবার চাইব ভোটাভুটি হোক। এজন্য নেতৃত্ব গড়ে তোলা উচিৎ। বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কেউ বিসিবি সভাপতি পদে আসতে চায় না। সবাই শুধু পরিচালক হতে চায়।’

পাপন আরও বলেন, ‘সভাপতি পদের কথা বললে কেউ আর কথা বলে না। আমি চেষ্টা করব নতুন কাউকে আনতে। নতুন কেউ আসলে খুশি হব। আমি নির্বাচনে হেরে গেলেও নতুন সভাপতিকে সহায়তা করব। আমি যদি এখানে থাকি, আমার মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগপর্যন্ত কেউ এই পদটা নিতে চাইবে না। এটা একটা ভুল জিনিস।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »