ফর্মে না থাকায় মুশফিককে নিয়ে দুশ্চিন্তায় বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ফর্মটা বিশ্বকাপের আগে খুব একটা ভালো যাচ্ছে না। যে কারণে মুশফিক কে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)।

অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি কোয়ারেন্টিনের কঠোর বিধির কারণে। নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন পাঁচটি ম্যাচেই, কিন্তু কোনো ইনিংসেই ছিল না তার ব্যাটে রান। মুশফিকের এমন পারফরম্যান্স দুশ্চিন্তা জাগিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের। তবে মুশফিক দ্রুতই ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা তার।

আকরাম বলেন,’‘যারা নিয়মিত পারফর্ম করে ওদের ফর্মহীনতা তো দুশ্চিন্তারই। কারণ ওরা ভালো না করলে দলের পারফরম্যান্স ভালো হবে না। যারা দলে আছে ওরাও চেষ্টা করছে।’’

মুশফিককে ছন্দে ফেরাতে মরিয়া বিসিবিও। আর তাই বিশ্বকাপের আগে মুশফিককে দেওয়া হয়েছে এইচপি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ। আকরামের আশা, এই সিরিজের দুটি ম্যাচ আত্মবিশ্বাস বাড়াবে মুশফিকের।

তিনি বলেন,’‘আমরাও চেষ্টা করছি, ওদের প্রস্তুত করে তোলার সুযোগ দিচ্ছি। আমরা মুশফিকের জন্য ম্যাচগুলো এগিয়ে এনেছি যেন খেলতে পারে। ওখানে সৌম্যও খেলবে। খেলোয়াড়রা ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস বাড়বে। ইনশাআল্লাহ্‌ সব খেলোয়াড় পরীক্ষিত এবং আরব আমিরাতে ভালো করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »